বাংলাদেশ দলে পেসারদের ভূমিকা বদলেছে। একটা সময়ে পেসারদের কাজই
ছিল বলটিকে কিছুটা পুরোনো করে স্পিনারদের হাতে তুলে দেওয়া। এখন বাংলাদেশের দলের পেসাররা শুধু নতুন বলে নয়, বোলিং করেন পুরোনো বোলিংয়েও, যেকোনো পরিস্থিতিতে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়েও পার্থক্যটা গড়ে দেন নাহিদ রানা, হাসান মাহমুদরা। পেসারদের এমন উত্থান বাংলাদেশের ব্যাটসম্যানের কাজটা সহজ করবে বলে মনে করেন বাংলাদেশ দলের বাইরে থাকা ওপেনার তামিম ইকবাল।
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। সব কটি উইকেটই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বাংলাদেশের তিন পেসার—হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। প্রথম টেস্টেও পেসাররা তাঁদের কাজটা করেছেন।
আলাদাভাবে নিজেদের জাত চেনানো বাংলাদেশ পেসারদের প্রশংসা করে ইএসপিএনক্রিকইনফোতে তামিম বলেছেন, ‘বাংলাদেশ ভালো পেস বোলিং আক্রমণ পেলে ব্যাটসম্যানদের জীবনটা একটু সহজ হবে। সাধারণত যখন আমরা বাইরে সফর করি, উইকেটে অনেক ঘাস থাকে। এখন বাংলাদেশ পেসাররা যে সামর্থ্য দেখাচ্ছে, তাতে প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষ কেমন উইকেট হবে, সেটা ঠিক করতে দুইবার ভাববে। আগে আমরা স্পিনারদের ওপর অতিরিক্ত নির্ভর করতাম। আমাদের ভালো পেস বোলিং আক্রমণ ছিল না। প্রতিপক্ষ ঘাসের উইকেট রাখত, আমাদের কাজটা কঠিন হয়ে যেত।’
পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টেই টসে জিতেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যা বাংলাদেশকে এনে দিয়েছে বাড়তি সুবিধা। তামিমের কথাতেও এসেছে টস প্রসঙ্গ, ‘সত্যি বলতে প্রথম টেস্টে টসের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রথম টেস্টে বৃষ্টির পর বাংলাদেশ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত দেয়। পাকিস্তান কঠিন কন্ডিশনে ব্যাটিং করেছে। দ্বিতীয় টেস্টে একই ঘটনা ঘটেছে। টস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। টসে জেতাটা দারুণ ছিল। তবে টস গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই সব না। সব ছোট মুহূর্তগুলো বাংলাদেশ জিতেছে।’







0 comments:
Post a Comment